সব জেলায় দুদক কার্যালয়সহ ৩৫৪ প্রস্তাব ডিসিদের

  • প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা—এই তিন ধাপে প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রস্তাব।

  • ইবতেদায়ি মাদ্রাসাগুলো সরকারি করার প্রস্তাব করেছেন ডিসিরা।

  • স্বতন্ত্র পুলিশ তদন্ত বিভাগ প্রতিষ্ঠার বিষয়টি আলোচনায় আসতে পারে।

  • দুর্নীতি দমন কমিশনের (দুদক) লোগো
    দুর্নীতি দমন কমিশনের (দুদক) লোগো

    দুর্নীতিবিরোধী কার্যক্রম জোরদার করার লক্ষ্যে দেশের প্রতিটি জেলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয় স্থাপনের প্রস্তাব দিয়েছেন জেলা প্রশাসকেরা। এ ছাড়া অতিরিক্ত জেলা প্রশাসকদের বদলি-পদায়নের কাজটি বিকেন্দ্রীকরণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিবর্তে বিভাগীয় কমিশনারদের হাতে ন্যস্ত করার প্রস্তাব দিয়েছেন তাঁরা।

    এ বছরের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন সামনে রেখে ডিসি ও বিভাগীয় কমিশনাররা এ রকম মোট ৩৫৪টি প্রস্তাব দিয়েছেন বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।

    ডিসি সম্মেলনে ওই সব প্রস্তাব নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন সরকারের নীতিনির্ধারকেরা। আগামী রোববার ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী এই ডিসি সম্মেলন। শেষ হবে ১৮ ফেব্রুয়ারি।

    রোববার শুরু হয়ে ডিসি সম্মেলন শেষ হবে ১৮ ফেব্রুয়ারি। উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। নির্বাচন কমিশনের সঙ্গেও হবে আলোচনা।

    মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, ডিসি সম্মেলনের শুরুর আগের দিন আগামীকাল শনিবার বিকেলে সংবাদ সম্মেলন করে সম্মেলনের বিষয়বস্তু তুলে ধরা হবে।

    ডিসিদের যত প্রস্তাব

    বর্তমানে সারা দেশের ৩৬টি জেলায় দুদকের কার্যালয় আছে। এখন প্রতিটি জেলায় দুদকের কার্যালয় স্থাপনের প্রস্তাব করেছেন ডিসিরা। কার্যালয় স্থাপনের পাশাপাশি পর্যাপ্ত জনবল নিয়োগেরও প্রস্তাব করেছেন তাঁরা। তিনজন জেলা প্রশাসক এই প্রস্তাব করেছেন।

    বর্তমানে ডিসি, অতিরিক্ত জেলা প্রশাসকদের বদলি ও পদায়নের কাজটি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। আর উপজেলা নির্বাহী
    কর্মকর্তাদের (ইউএনও) পদায়নের জন্য বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করে মন্ত্রণালয়। পরে বিভাগীয় কমিশনাররা ইউএনওদের বিভিন্ন উপজেলায় পদায়ন করেন। এখন অতিরিক্ত জেলা প্রশাসকের বদলি ও পদায়নের কাজটিও বিভাগীয় কমিশনারের হাতে ন্যস্ত করার প্রস্তাব দিয়েছেন ডিসিরা।

    মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের কেউ কেউ এই প্রস্তাবকে ইতিবাচক বলছেন। একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এমন প্রস্তাব প্রশাসন বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে সহায়ক হবে।

    বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগে বহুনির্বাচনী প্রশ্নে একটি পরীক্ষা হয়। এই পরীক্ষাটি বিসিএসের প্রিলিমিনারির মতো। এরপর মৌখিক পরীক্ষা হয়। এখন প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা—এই তিন ধাপে নিয়োগ পরীক্ষা নেওয়ার প্রস্তাব করেছেন ডিসিরা।

    ইবতেদায়ি মাদ্রাসাগুলো সরকারি করার প্রস্তাব করেছেন ডিসিরা। অবশ্য শিক্ষকদের আন্দোলনের মুখে সম্প্রতি দেশের সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। পর্যায়ক্রমে এসব মাদ্রাসা জাতীয়করণ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক সম্প্রতি শাহবাগ এলাকায় আন্দোলনরত শিক্ষকদের কাছে গিয়ে সরকারের এই সিদ্ধান্তের কথা জানান। এর আগে মন্ত্রণালয়ে শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে সরকারের বৈঠক হয়।

    ২৮ জানুয়ারি যুগ্ম সচিব এস এম মাসুদুল হক প্রথম আলোকে বলেছিলেন, প্রথমে পর্যায়ক্রমে এসব মাদ্রাসা এমপিওভুক্ত করা হবে, তারপর জাতীয়করণ করা হবে।

    এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের আয়-ব্যয় ও আয়ের উৎসের বিষয়ে নীতিমালা করা ও প্রতিবছর ফি আদায়ের বিষয়েও নীতিমালার প্রস্তাব করেছেন ডিসিরা।

     মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র জানিয়েছে, এবারের ডিসি সম্মেলনে স্বতন্ত্র পুলিশ তদন্ত বিভাগ প্রতিষ্ঠার বিষয়টিও আলোচনায় আসতে পারে। এ বিষয়ে যুক্তি হলো, স্বতন্ত্র তদন্ত বিভাগ প্রতিষ্ঠা হলে ফৌজদারি মামলাগুলো যথাসময়ে তদন্ত করা সহজ হবে। একজন স্বতন্ত্র ইন্সপেক্টর জেনারেলের অধীনে বিদ্যমান পিবিআইকে (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) এই স্বতন্ত্র পুলিশ তদন্ত বিভাগে উন্নীত করার বিষয়টি আলোচনায় আসতে পারে।

Comments

Popular posts from this blog

উৎকর্ষের বিকাশ: ওয়ান-স্টপ কর্পোরেট সলিউশন হিসেবে বাংলাদেশে প্রবেশ করল কিউ কিউ এশিয়া লিমিটেড।