মা-দাদিদের জীবনের গল্প বলে যায় যে সিনেমা
একনজরেসিনেমা: ‘মিসেস’জনরা: ড্রামাপরিচালক: আরতি কাদবস্ট্রিমিং প্লাটফর্ম: জি–ফাইভরানটাইম: ১ ঘণ্টা ৪৭ মিনিটঅভিনয়ে: সানিয়া মালহোত্রা, নিশান্ত দাহিয়া, কানওয়ালজিৎ সিং, অপর্ণা ঘোষাল
বিয়ের দুই দিন যেতে না যেতেই অন্তঃসত্ত্বা মেয়ের বাড়িতে চলে যান রিচার শাশুড়ি। রান্নাবান্নায় হাতেখড়ি থাকলেও খুব একটা সড়গড় নয় রিচা। আর তাই প্রতিদিনই যেন একের পর এক ভয়াবহ পরীক্ষার মুখোমুখি হতে হয় তাঁকে। শ্বশুরবাড়িতে প্রেশার কুকার ব্যবহার করা যায় না। রান্না করতে হয় অল্প আঁচে দম দিয়ে। যে রাঁধতে জানে সে কি ব্লেন্ডার ব্যবহার করতে পারে? ব্লেন্ডারে বাটলে কি আর শিল-নোড়ায় বাটার মতো স্বাদ পাওয়া যায়? কাজের লোক? নৈব নৈব চ! শ্বশুরবাড়ির মানুষ কি কাজের লোকের হাতের রান্না খাবে?
বাড়ির ছেলে রান্নাঘরে ঢুকবে, বা বউকে সাহায্য করবে এ যেন কল্পনারও বাইরে। ছেলেরা বাইরে কাজ করছে, সংসারে টাকা নিয়ে আসছে, এটাই তো তাঁদের একমাত্র কাজ। আর ঘরের বউদের একমাত্র কাজ তিন বেলা রান্না করা। প্রত্যেক বেলার খাবার টাটকা হওয়া চাই। কোনোকিছু আগে থেকে বানিয়ে রাখা যাবে না। চুলা থেকে নামানো মাত্রই পরিবেশন করতে হবে।
‘মিসেস’ সিনেমাটিকে অনেকেই আখ্যা দিয়েছেন ‘রান্নাঘরের থ্রিলার’ নামে। এখানের প্রতিটি দৃশ্যই যেন এক রুদ্ধশ্বাসকর যুদ্ধ। যে যুদ্ধে মন-প্রাণ দিয়ে লড়ার চেষ্টা করে যায় ঘরের বউয়েরা। অথচ এত কষ্টের পরেও কি শ্রমের এ মর্যাদা দেয় কেউ? নাকি এত বিসর্জনের পরেও কারও মন পাওয়া যায় না।
‘মিসেস’ সিনেমাটি জিও বেবির মালয়ালম সিনেমা ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন’ সিনেমার হিন্দি রিমেক। বেশির ভাগ রিমেক সিনেমাই প্রত্যাশা পূরণ করতে যেখানে ব্যর্থ হয়, সেখানে ‘মিসেস’ উতরে গেছে খুব ভালোভাবেই। আর তার প্রমাণ মেলে সিনেমাটি নিয়ে হওয়া ব্যাপক আলোচনা-সমালোচনায়। মুক্তির পরেই সিনেমাটির প্রশংসায় ভাসাচ্ছেন দর্শকেরা। রিমেক মানেই কপিপেস্ট; এ ধারণার বাইরে গিয়ে পরিচালক আরতি সিনেমায় নিয়ে এসেছেন নতুন গল্পের আঙ্গিক। আর তাই যারা ২০২১ সালে মুক্তি পাওয়া অরিজিনাল সিনেমাটি দেখেছেন, তাঁরাও প্রশংসা করেছেন সিনেমাটির।
‘মিসেস’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন সানিয়া মালহোত্রা। ‘দঙ্গল’ সিনেমায় অভিনয় করার মাধ্যমে তাঁর চলচ্চিত্রে অভিষেক ঘটে। তাঁকে সেভাবে সিনেমায় দেখা না গেলেও প্রতিটি সিনেমায় নিজের চরিত্র ফুটিয়ে তুলেছেন খুব ভালোভাবে। ‘মিসেস’ সিনেমাতেও তিনি তাঁর প্রতিভার ছাপ রেখেছেন। হাসিখুশি একটি মেয়ে থেকে একটু একটু করে হাসি মুছে যাওয়ার যে বদল দেখানো হয়েছে সিনেমায়, তা তিনি অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন। সানিয়া মালহোত্রায় বিপরীতে নিশান্ত দাহিয়াও ভালো অভিনয় করেছেন।
‘মিসেস’–এ ছোট ছোট দৃশ্যের মাধ্যমে পরিচালক না বলেও যেন বলে গেছেন অনেক কথা। মেয়ে যখন বধূবেশে র্যাপিং করা সিটে বসে শ্বশুরবাড়ি যান, এ দৃশ্যে বোঝা যায় এটা যৌতুক। আবার রান্নাঘরের পানির পাইপ থেকে ফোঁটা ফোঁটা পানি গড়িয়ে পড়ার এ দৃশ্যে প্রকাশ পায় সম্পর্কের টানাপোড়েন।
আবার এ দৃশ্যটিই কৌতূহল জাগায় দর্শকের মনে। তাই যখন পানি পড়া বাড়তে থাকে, তখন দর্শক অনেকটা রুদ্ধশ্বাসেই অপেক্ষা করতে থাকে সামনে কী হতে যাচ্ছে এ জন্য। আবার ছোট একটি মেয়ে যাকে রিচা সাহস জোগাত, তাঁর কথাই একদিন হয়ে ওঠে রিচার মনোবল ফিরে পাবার হাতিয়ায়। এ যেন রিচার করুণ অবস্থার চিত্রায়ণ!




Comments
Post a Comment