ফেসবুক কি আপনার মনের কথাও পড়ে ফেলে 


১৫তম বিবাহবার্ষিকী উপলক্ষে চিকিৎসক সেঁজুতি কবীর স্বামীকে ঘড়ি উপহার দেওয়ার কথা ভাবছিলেন। ভাবতে ভাবতে ফেসবুকে ঢুকেই চমকে গেলেন। তাঁর সামনে বিভিন্ন ডিজাইনের সব ঘড়ির বিজ্ঞাপন আসতে শুরু করছে। সেঁজুতি কবির জানান, ‘ভীষণ অবাক হয়েছিলাম। আমার স্বামী ঘড়ি পছন্দ করেন, তাই মাঝেমধ্যেই তাঁকে ঘড়ি উপহার দিই। ফেসবুক কীভাবে জানল সে সময় আমার ঘড়ি লাগবে!’

চিকিৎসক সেঁজুতি কবীরের মতো এমন অনেকেই চমকে যান। কারণ, এখন যা মনে আসে, তা যেন কীভাবে মুহূর্তেই ভেসে ওঠে ফেসবুকের পর্দায়।

কী রহস্য ফেসবুকে

এই ডিজিটাল যুগে অনেক ফেসবুক ব্যবহারকারী এমন অদ্ভুত বিষয়ের সাক্ষী। ব্যাপারটা এমন, যেন কোনো এক জাদুতে ফেসবুক জানে আমাদের মনে কী চলছে। প্রযুক্তিগত দিক থেকে বিষয়টির ব্যাখ্যা আছে, অর্থাৎ মোটেও জাদুবিদ্যা বা কাকতালীয় ব্যাপার নয়। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিশ্লেষক হাসান তানভীর মনসুর বলেন, ‘ফেসবুক আদতে তার ব্যবহারকারীদের অত্যাধুনিক ডেটা সংগ্রহের পদ্ধতি ব্যবহার করে, যা ব্যবহারকারীর পছন্দ ও আচরণকে অনেক নির্ভুলতার সঙ্গে ভবিষ্যদ্বাণী করতে দেয়।’

আপনার তথ্যই ফেসবুকের শক্তি


ফেসবুক শুধু তাঁর ব্যবহারকারীর আচরণ ও মিথস্ক্রিয়ার তথ্য সংগ্রহ করে না, অনেক বাইরের ওয়েবসাইট ও অ্যাপ থেকেও তথ্য সংগ্রহ করে। মেটা পিক্সেলের মতো বিভিন্ন টুল আছে, যা তৃতীয় পক্ষের সাইট থেকে ফেসবুক ব্যবহারকারীর কার্যকলাপ সম্পর্কে তথ্য দেয়। অর্থাৎ ফেসবুক আপনার সম্পর্কে ডেটা সংগ্রহ করে নানান পথে। সরাসরি কিছু তথ্য ফেসবুককে আপনি নিজেই দেন। যেমন বিভিন্ন ছবি ও ভিডিও থেকে তথ্য নেয় ফেসবুক। এ ছাড়া আপনার ব্যক্তিগত তথ্য, নাম, পড়াশোনা, পরিবারের সদস্য, পছন্দ-অপছন্দ থেকে শুরু করে বিভিন্ন পোস্ট থেকে ফেসবুক ডেটা সংগ্রহ করে। আপনি যদি অনেক ক্রিকেটারের ছবিতে লাইক দেন, বিভিন্ন ছবি শেয়ার করেন, তাহলে আপনি ক্রিকেট বা খেলাধুলা–সংশ্লিষ্ট বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন দেখবেন।

প্রযুক্তিবিশ্লেষক শাহরিয়ার হাসান বলেন, ‘কোনো ছবি তুলে তা প্রকাশ করলে সেই ছবির সঙ্গে থাকা মেটা ডেটা, যেমন ক্যামেরা বা মুঠোফোনের তথ্য, স্থান-কাল, জিপিএসের তথ্য ফেসবুক পেয়ে যায়। ব্যবহারকারীর আইপি ঠিকানা, মুঠোফোনের অনেক তথ্য ফেসবুক তার অ্যাপের মাধ্যমে সংগ্রহ করে। ফেসবুক সার্ভার টু সার্ভার ট্র্যাকিং পদ্ধতিতেও বিভিন্ন ওয়েবসাইট থেকে ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করে। ব্যবহারকারী হয়তো কোনো মাধ্যমে শাড়িবিষয়ক খবর পড়ছেন কিংবা ঘড়ি নিয়ে কোনো ফিচার পড়েছেন বা ভিডিও দেখেছেন, সেই তথ্য ফেসবুক সংগ্রহ করে।’

ফেসবুক ‘পিক্সেল’ নামের একটি ফিচারের মাধ্যমে ৮ মিলিয়ন ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে বলে জানা যায়। এক গবেষণায় জানা যায়, ফেসবুক প্রায় ২ হাজার প্রতিষ্ঠান থেকে ব্যবহারকারীর ডেটা সংগ্রহ করে। ডেটা শেয়ারিংয়ের এই বিস্তৃত নেটওয়ার্ক ফেসবুককে ব্যক্তির বিস্তারিত প্রোফাইল তৈরি করতে সুযোগ করে দেয়। এতে ফেসবুকের অ্যালগরিদমের নির্ভুলভাবে ভবিষ্যদ্বাণী করার ক্ষমতা আরও বাড়িয়ে তোলে। অনেক ওয়েবসাইট তার ব্যবহারকারীদের তথ্য নিজে সংগ্রহ করে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার হাতে তুলে দেয় বলে জানা যায়। সেই তথ্য ফেসবুক সংগ্রহ করে ব্যবহারকারীর পছন্দ বা প্রয়োজন অনুসারে বিভিন্ন বিজ্ঞাপন ব্যবহারকারীদের সামনে দিতে থাকে।

ফেসবুক কি আপনার ভবিষ্যৎ জানে

একটা মজার বিষয় হচ্ছে, ফেসবুক নাকি তার ব্যবহারকারীর ভবিষ্যৎ সম্পর্কেও জানে। এটা অনেকেরই বিশ্বাস। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিশ্লেষক হাসান তানভীর মনসুর বলেন, ‘মেটা আধুনিক উপায়ে ডেটা সংগ্রহ করে, যা বিশ্লেষণ করে মেশিন লার্নিং ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে। এতে ব্যবহারকারীরা ভবিষ্যতে কী করবে, তার অনেক সম্ভাবনা ফেসবুকের জানা থাকে। ব্যবহারকারীর আচরণগত তথ্যের পাশাপাশি ডিপ লার্নিংয়ের মতো প্রযুক্তি ব্যবহার করে ভবিষ্যতে ব্যবহারকারী কী করবে, তা অনুমান করতে পারে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় বলা হয়েছে, ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত আচরণ তার বন্ধুর চেয়ে বেশি ভালোভাবে অনুমান করতে পারে।


যেভাবে ফেসবুককে থামাবেন

ফেসবুককে আপনি কিছুটা নিয়ন্ত্রণ করতে পারেন বটে। প্রযুক্তিবিশ্লেষক শাহরিয়ার হাসান বলেন, ‘আপনি ফেসবুকের ডেটা সংগ্রহ সীমাবদ্ধ করার মাধ্যমে এই সুযোগ নিতে পারেন। আপনার গোপনীয়তা রক্ষা করার জন্য কিছু পদক্ষেপ নিতে হবে। মুঠোফোনের অ্যাপের মাধ্যমে ফেসবুক অনেক ডেটা সংগ্রহ করে। ইচ্ছে করলে আপনি ফেসবুক অ্যাপ আনইনস্টল করতে পারেন। ফেসবুকের মেটা ডেটা সংগ্রহ কমাতে ফায়ারফক্সের মতো ব্রাউজারের মাধ্যমে ফেসবুক ব্যবহার করতে পারেন। ফেসবুকের প্রাইভেসি সেটিংস লকডাউন করা যায়। ফায়ারফক্সসহ অনেক ব্রাউজার ডেটা সংগ্রহে বাধা দেয়। এসব ব্রাউজার ব্যবহার করলে আপনার তথ্য নিয়ন্ত্রণ করতে পারবেন।’


ফেসবুকের এখান থেকে 

https://www.facebook.com/help/1224342157705160 

আপনার তথ্য নিয়ন্ত্রণ করতে পারেন। এ ছাড়া বিভিন্ন ছবি ও ভিডিও আপলোডের সময় বিশেষ সতর্ক থাকুন।

Comments

Popular posts from this blog

উৎকর্ষের বিকাশ: ওয়ান-স্টপ কর্পোরেট সলিউশন হিসেবে বাংলাদেশে প্রবেশ করল কিউ কিউ এশিয়া লিমিটেড।