জনমনে আতঙ্ক হঠাৎ বেড়েছে চুরি-ছিনতাই

 ময়মনসিংহে অটোরিকশা ছিনতাই করতে চালককে হত্যা করা হচ্ছে। বিভিন্ন জুয়েলারি দোকানে একের পর এক চুরির ঘটনা ঘটছে। দিনে কিংবা রাতে সুযোগ পেলেই সড়কে চলাচলকারীদের পথ আটকে গলায় কিংবা তলপেটে ছুরি ধরে টাকা ছিনতাই করা হচ্ছে। এতে দিন দিনই বাড়ছে আতঙ্ক।

গত ১৬ জানুয়ারি দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার বাগান এলাকার কলাবাগান থেকে রাকিব মিয়া নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। রাকিব উপজেলার সদর ইউনিয়নের কোনাবাড়ী গ্রামের বাসিন্দা বাবুল মিয়ার ছেলে। ভালুকা উপজেলার মেজরভিটা এলাকা থেকে ভাড়া নিয়ে বের হয়ে হত্যার শিকার হন রাকিব। এদিন রাতে ময়মনসিংহ সদর উপজেলার গোপালনগর মধ্যপাড়া এলাকায় চালক নাজিম উদ্দিনকে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করে যাত্রীবেশে একটি দল। রাত সাড়ে ১০টার দিকে নাজিমকে ছুরিকাঘাত করে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা একজনকে আটক করে পুলিশে দেয়।

২০ জানুয়ারি সকালে মুক্তাগাছার তারাটি ইউনিয়নের বিরাশী গ্রামে একটি পতিত জমি থেকে অটোরিকশা চালক শামীম মিয়ার মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া শ্বাসরোধে হত্যার পর স্থানীয় মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রের মরদেহ ফসলি জমি থেকে উদ্ধার করে পুলিশ।

গত ১০ জানুয়ারি ভালুকা উপজেলার বাটাজোর বাজারে হৃদয়-সুজয় জুয়েলার্সের মালিক দুপুরের খাবারের জন্য বাসায় গেলে চোরচক্র দোকানের সামনে ছাতা ও চাদর ধরে শাটার খোলে আনুমানিক ২০ ভরি স্বর্ণালংকার ও ১০০ ভরি রুপাসহ নগদ টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় দোকানের মালিক হৃদয় চন্দ্র কর্মকার বাদী হয়ে থানায় অভিযোগ করেন। গত ১৭ জানুয়ারি ভোরে নগরীর বাসাবাড়ী রোডের টাঙ্কপট্টি এলাকায় কিরন জুয়েলার্স নামে একটি দোকানের সামনে চাদর দিয়ে ঢেকে তালা কেটে প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার ও ৫০ ভরি রুপার গহনা চুরি করে নিয়ে যায় একটি চক্র।

ময়মনসিংহ নগরীর জামতলা এলাকার বাসিন্দা কামাল হোসেন বলেন, ‘সম্প্রতি ছিনতাইয়ের পাশাপাশি চুরি বেড়েছে। রাতে রিকশা দিয়ে চলাচল করা যাত্রীদের বেশি টার্গেট করা হচ্ছে। সুযোগ পেলেই গলায় কিংবা তলপেটে ছুরি ধরে সবকিছু নিয়ে চলে যাচ্ছে। প্রশাসনের জোড়ালো অভিযান না থাকার কারণেই জনমনে আতঙ্ক বাড়ছে।’ নগরীতে নিয়মিত অটোরিকশা চালান রাজিব মিয়া। তিনি বলেন, ‘একের পর এক চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় বেশির ভাগ চালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাই অনেকে রাতে অটোরিকশা চালাচ্ছেন না, আবার অনেক চালকের সন্দেহ হলে দূরে কোথাও যাত্রী নিয়েও যাচ্ছেন না।’

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, ‘জুয়েলার্সের দোকানে স্বর্ণালংকার চুরির ঘটনায় এরই মধ্যে দুলাল মিয়া ও আমির হোসেন ওরফে মোটা আমির নামে দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করতে চেষ্টা চলছে।’

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন বলেন, জুয়েলারি দোকান থেকে অভিনব কায়দায় চুরি হওয়া ৩০ ভরি স্বর্ণালংকারের মধ্যে সাড়ে পাঁচ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। চোর চক্রের সদস্য মানিক মিয়া, রুবেল মিয়া, ইয়াছিন আরাফাত সোহেল ও জসীম নামের চারজনকে গ্রেপ্তার কর হয়েছে। চুরি, ছিনতাইসহ সব ধরনের অপরাধ বন্ধ করতে পুলিশ দিনরাত কাজ করছে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, সম্প্রতি ছিনতাই বেড়ে যাওয়ায় বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হচ্ছে। প্রায় প্রতিদিনই ছিনতাইকারী গ্রেপ্তার করা হচ্ছে। তবে এরা আইনের ফাঁকফোকড় দিয়ে বেড়িয়ে আবারও অপরাধে জড়াচ্ছে।

এ বিষয়ে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মো. মাছুম আহাম্মদ ভূঞা বলেন, অনেক চালক বেশি ভাড়ার লোভে রাতে গাড়ি চালাতে গিয়ে ছিনতাইয়ের কবলে পড়েন। তাই সড়কে রাত ১২টার পর অটোরিকশা চালাতে নিষেধ করা হয়েছে। সন্ধ্যার পর থেকে যাত্রী উঠানোর ক্ষেত্রে চালকদের আরও সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, স্বর্ণালংকার চুরির সঙ্গে জড়িত চক্রটি শীতের সকালকে বেছে নিচ্ছে। এ সময় জনসমাগম কম থাকায় সাত থেকে আটজনের দল মিলে চালায় অপতৎপরতা। চক্রটির সঙ্গে যারা জড়িত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে। জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান চালাচ্ছে থানাসহ গোয়েন্দা পুলিশ।

Comments

Popular posts from this blog

উৎকর্ষের বিকাশ: ওয়ান-স্টপ কর্পোরেট সলিউশন হিসেবে বাংলাদেশে প্রবেশ করল কিউ কিউ এশিয়া লিমিটেড।