ময়মনসিংহে পাইকারিতে সবজির দাম বেড়েছে ৫ টাকা, খুচরায় ২০

ময়মনসিংহে পাইকারি বাজারে সবজির দাম কেজিতে বেড়েছে ৫ টাকা। এর প্রভাব পড়েছে খুচরা বাজারে। হাতঘুরে খুচরা বাজারে কেজিতে ২০ টাকা বেড়েছে সবজির দাম। একইসঙ্গে মাছের দামও কেজিতে ১০ টাকা বেড়েছে। এতে ক্ষুব্ধ নিম্ন ও মধ্যম আয়ের ক্রেতারা।

ক্রেতা-বিক্রেতারা জানান, গত সপ্তাহে চিচিঙ্গা ৪০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। অথচ এখন কেজিতে ২০ টাকা বাড়িয়ে ৬০ টাকায় বিক্রি করা হচ্ছে। পটোল, টমেটো, চায়না গাজর, দেশি গাজর, ঝিঙে ও কাঁচামরিচের দাম কেজিতে বেড়েছে ১০ টাকা। বর্তমানে পটোল ৫০, চায়না গাজর ১৩০, দেশি গাজর ৮০ টাকা ও টমেটো ১৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া সীম ১৬০, ঝিঙে ৭০, করলা ৮০, কাঁকরোল ৭০, বরবটি ৮০, চিকন বেগুন ১০০, শসা ৪০, লতা ৪০, ধুন্দল ৫০, কচুর মুখি ২০, মিষ্টি কুমড়া ৪০ ও ঢেঁড়স ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। লাউ ৬০ টাকা পিস, কাঁচাকলা ৪০ টাকা হালি ও লেবু ১৫ টাকা হালিতে বিক্রি হচ্ছে।

একই বাজারে মাছের দাম কেজিতে ১০ টাকা বেড়ে

কাতলা ৩৪০-৪০০, পাঙাশ ২০০-২৩০, শিং ৩২০-৬১০, কৈ ২৩০-৩২০, রুই ৩০০-৪০০, তেলাপিয়া ২০০-২৮০, পাবদা ৩৬০-৪৮০, শোল ৫৮০-৮৬০, ট্যাংরা ৫২০-৮৪০, সিলভার কার্প ২২০-২৭০, মৃগেল ২৬০-৩১০, টাকি ৪০০-৫৫০ ও কালবাউশ ৩২০-৩৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

স্থিতিশীল অবস্থায় ব্রয়লার মুরগির ১৬০, কক মুরগি ৩০০, গরুর মাংস ৮০০, খাসির মাংস ১১৫০ টাকা কেজিতে, ফার্মের মুরগির ডিম ৪০ টাকা হালিতে, দেশি মুরগির ডিম ও হাঁসের ডিম ৭০ টাকা হালিতে বিক্রি হচ্ছে।

সবজি কিনতে আসেন আব্দুল বারেক বলেন, 'বাজারে সবজির প্রচুর সরবরাহ রয়েছে। তবুও দাম বাড়িয়েছেন অসাধু বিক্রেতারা। বাধ্য হয়ে বিক্রেতাদের নির্ধারিত দামেই কিনতে হচ্ছে।'

মাছ কিনতে আসেন সানোয়ার বলেন, 'এক বিক্রেতা থেকে আরেক বিক্রেতার কাছে গেলেও যৎসামান্য দামও কমানো হচ্ছে না। ফলে বাধ্য হয়ে বাড়তি দাম দিয়েই মাছ কিনতে হচ্ছে। বাজারে জোরালো মনিটরিং না থাকায় বিক্রেতারা ইচ্ছামতো দামে মাছ বিক্রি করছেন।'

সবজি বিক্রেতা খোকন মিয়া বলেন, 'আমরা আড়ত থেকে সবজি কিনি। আড়তদাররা কেজিতে ৫ টাকা বাড়িয়ে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করছেন। ফলে খুচরা পর্যায়ে এর প্রভাব পড়ে দাম বেড়েছে।'

সবজির আড়তদার নাজিম উদ্দিন বলেন, 'পাইকারিভাবে সবজির দাম পাঁচ টাকা বেড়েছে। এতে খুচরা বাজারে ক্রেতাদের কাছে কেজিতে ২০ টাকা বাড়িয়ে বিক্রি করা কোনোভাবেই যুক্তিসংগত না। অভিযান চালালে খুচরা বিক্রেতাদের দোকানে অভিযান চালানো প্রয়োজন।'

মাছ বিক্রেতা আবুল হাশেম বলেন, 'কিছুদিন যাবত মাছের সরবরাহ কমেছে। ফলে আড়তে দাম বাড়ায় খুচরা পর্যায়েও দাম বেড়েছে। তবে কিছুদিনের মধ্যে সরবরাহ বেড়ে দাম কমার সম্ভবনা রয়েছে।'

এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহের সহকারি পরিচালক মো. আব্দুস ছালাম বলেন, 'ইচ্ছামতো দামে বিক্রি করে ক্রেতাদের ঠকানো অপরাধ। বাজারে অভিযান চালানো হবে। অহেতুক দাম বাড়িয়ে ক্রেতাদের ঠকানোর প্রমাণ মিললে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।'

Comments

Popular posts from this blog

উৎকর্ষের বিকাশ: ওয়ান-স্টপ কর্পোরেট সলিউশন হিসেবে বাংলাদেশে প্রবেশ করল কিউ কিউ এশিয়া লিমিটেড।