দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় (রোববার সকাল আটটা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত) নতুন করে ৯৪২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬০ হাজার ৭৯১। একই সময়ে ডেঙ্গুতে আরো চারজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২৪৯ জন।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মারা যাওয়া চারজনের মধ্যে দুইজন রাজশাহী বিভাগের, একজন ময়মনসিংহ বিভাগের এবং একজন ঢাকা দক্ষিণ সিটির। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮৯১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৬৫.৩ শতাংশ পুরুষ। গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ২১ থেকে ২৫ বছর বয়সীদের সংখ্যা।
হাসপাতালগুলো উপচে পড়ছে। রোগীদের আলাদা মশারি দেওয়ার বাজেট নেই। এ অবস্থায় সরকারের করণীয় ছিল দুটি পদক্ষেপ- এক. জরুরি তহবিল, যাতে হাসপাতালগুলো দ্রুত প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে পারে। দুই. নমনীয় ব্যয় কাঠামো, নির্দিষ্ট বাজেট আইটেমের টাকা প্রয়োজনে অন্য খাতে ব্যয় করার অনুমতি থাকা উচিত। নিয়ম-কানুনের জটিলতা ডেঙ্গু নিয়ন্ত্রণে বাধা হয়ে দাঁড়িয়েছে।
ডেঙ্গু আজ বাংলাদেশের জন্য শুধু স্বাস্থ্য সমস্যা নয়, বরং রাষ্ট্রের দীর্ঘস্থায়ী অদক্ষতার প্রতীক। যেহেতু আক্রান্ত ও মৃতদের বড় অংশ তরুণ ও কর্মক্ষম জনগোষ্ঠী, তাই এটি ভবিষ্যৎ উৎপাদনশীলতার ওপর সরাসরি আঘাত। ডেঙ্গু এখন কেবল এক মৌসুমি রোগ নয়, এটি আমাদের অর্থনীতি, সমাজ ও নীতিনির্ধারণের ব্যর্থতার আয়না।
Comments
Post a Comment