গভীর রাতে ময়মনসিংহে বাসে আগুন, দগ্ধ হয়ে ঘুমন্ত চালকের মৃত্যু
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলম এশিয়া পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় আগুনে পুড়ে বাসে ঘুমন্ত চালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত সোয়া ৩টার দিকে ফুলবাড়িয়া পৌরসভার ভালুকজান বাজারের পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা ওই বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।
নিহত বাসচালকের নাম জুলহাস মিয়া (৩৫)। তিনি একই উপজেলার কৈয়ারচালা গ্রামের সাজু মিয়ার ছেলে।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুকনুজ্জামান জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে, আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।
ফুলবাড়িয়া ফায়ার স্টেশনের অতিরিক্ত ইন্সপেক্টর ইয়াসিন ইকবার বলেন, “ভালুকজান বাজারের পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন লেগেছে খবর পেয়ে সঙ্গে সঙ্গে কর্মীদের নিয়ে সেখানে যাই।
“আগুন নিয়ন্ত্রণে আনার পর বাসে তল্লাশি চালানো হলে সিটে একজনের দগ্ধ মরদেহ পাওয়া যায়। পরে আমরা তা উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করি।”
ওসি রুকনুজ্জামান বলেন, “দুর্বৃত্তরা বাসে আগুন দেয়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার পর বাস থেকে একজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।
“কিন্তু মরদেহটি এমনভাবে পুড়েছে যে, তাকে চেনা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে সে বাসের চালক।”
ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
Comments
Post a Comment